শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
শেয়ার

ফারজানার ঝড়ে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর জয়


women cricket

জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে থাইল্যান্ড নারী জাতীয় দলের বিপক্ষে এক রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। শেষ ওভারের নাটকীয়তায় থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। এর আগের ১৯ ওভারের কোনোটিতেই ১০ রানের বেশি তুলতে না পারায় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল থাইল্যান্ডের হাতেই। তবে শেষ বেলায় সব হিসাব পাল্টে দেন ফারজানা ইয়াসমিন। ওভারের প্রথম বলে শরীফা খাতুন সিঙ্গেল নিয়ে ফারজানাকে স্ট্রাইক দেন। এরপরই শুরু হয় ফারজানা-ঝড়।

দ্বিতীয় বলে চার এবং তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিমিষেই বাংলাদেশের হাতের মুঠোয় নিয়ে আসেন তিনি। চতুর্থ বলে ফারজানা আউট হয়ে গেলেও পঞ্চম বলে জান্নাতুল ফেরদৌস সিঙ্গেল নিয়ে এক বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন। থাইল্যান্ড জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের উদীয়মান এই দলটির জয় টুর্নামেন্টে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।