রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
শেয়ার

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উপদেষ্টা আদিলুর


বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উপদেষ্টা আদিলুর

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান || ফাইল ছবি

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, সেটি বিএনপি যেভাবে চায় সে অনুযায়ী নির্ধারিত হবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য রাজধারীর মিন্ট রোড, ধানমন্ডি এবং গুলশানে ৩৭টি বাসা প্রস্তুত রাখা হয়েছে। এর পর যদি আরও প্রয়োজন হয়, তাহলে শপথ গ্রহণ এবং দায়িত্বভার গ্রহণ করতে করতে বাকিগুলো রেডি হয়ে যাবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিল। ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। গত সাড়ে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটি থেকে দেশকে একটি নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্টের ব্যাপারে তাদের জিজ্ঞেস করতে হবে। জনগণের আলোচনা এবং টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে হয়তো চিত্র আলাদা হবে।

তিনি বলেন, অনেক জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কিছু কিছু জায়গায় সংস্কার সম্পন্ন হয়নি। আশা করি সেগুলো সম্পন্ন হবে।