
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শপথ আয়োজনের জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংসদ সচিবালয়ের পাঠানো চিঠি তারা পেয়েছেন।
এদিকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ অনুষ্ঠান শুরু হবে। প্রয়োজনে কয়েক দফায় ও গ্রুপভিত্তিকভাবে শপথ পাঠ অনুষ্ঠিত হতে পারে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রকাশ করেছে। সংবিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন। এবারই প্রথমবার এ প্রক্রিয়ায় শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে।






































