
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। একই দিনে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। পরে বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং সম্ভাব্য বিরোধী দলীয় নেতা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে আগামীকাল থেকে সংসদীয় রাজনীতির একটি নতুন যুগের সূচনা কীভাবে হয়—তা দেখার অপেক্ষায় রয়েছে পুরো জাতি।
বার্তায় তিনি দেশবাসীকে নির্বাচনে অংশগ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।










































