
ফাইল ছবি
একদিন পিছিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। এর আগে ২০ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনের কথা থাকলেও নতুন প্রধানমন্ত্রীর শিডিউল পরিবর্তনের কারণে মেলা শুরুর তারিখ একদিন পেছানো হয়েছে বলে জানিয়েছে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার গঠনের প্রক্রিয়া সদ্য সম্পন্ন হওয়ায় আনুষ্ঠানিক চিঠি এখনও পাওয়া যায়নি। তবে বেসরকারিভাবে প্রধানমন্ত্রীর সময় ২১ ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে। প্রধানমন্ত্রী ২০ ফেব্রুয়ারি সময় দিতে অপারগতা জানালেও ২১ ফেব্রুয়ারি উদ্বোধনে সম্মতি দিয়েছেন। এ কারণেই বইমেলা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
বাংলা একাডেমি ও বইমেলা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, মেলার সব ধরনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্টল নির্মাণকাজ শেষের পথে, সোহরাওয়ার্দী উদ্যান-এর অবকাঠামোগত প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। নিরাপত্তা পরিকল্পনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসূচি এবং অতিথি আমন্ত্রণের কাজও প্রায় শেষ।
বাংলা একাডেমি জানিয়েছে, এ বছরের অমর একুশে বইমেলায় এখন পর্যন্ত মোট ৩৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান আবেদন করেছে এবং টাকা জমা দিয়েছে। এর মধ্যে প্যাভিলিয়ন ১৪টি, বিভিন্ন ইউনিটের স্টল রয়েছে ৩৩৬টি। ইতিমধ্যে ৫১৫টি ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। আরো কিছু ইউনিট বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে। স্টল বিন্যাসের লটারিও হয়ে গেছে। পাশাপাশি রমজান মাসকে সামনে রেখে ইফতার ও নামাজের ব্যবস্থাসহ প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
সব প্রস্তুতি শেষে এখন কেবল উদ্বোধনের অপেক্ষা। নতুন তারিখ অনুযায়ী ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হবে এবারের অমর একুশে বইমেলা।








































