রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
শেয়ার

নিজের গাড়িতেই চলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান


Car-PM

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার না করে নিজস্ব গাড়িতেই চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক এবং নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন। প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি তিনি ব্যবহার করছেন না।

রুমন জানান, বুধবার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নিজস্ব টয়োটা গাড়িতে করে সাভার ও শেরেবাংলানগর যান এবং সেখান থেকেই একই গাড়িতে করে বাংলাদেশ সচিবালয়ে পৌঁছান।

যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমানো হয়েছে বলেও জানান তিনি। এতদিন যেখানে ১৩–১৪টি গাড়ি থাকত, সেখানে বুধবার থেকে তা কমিয়ে চারটিতে নামিয়ে আনা হয়েছে।

শপথ নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা বিদেশি অতিথিদের সফরের সময় গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হবে বলে জানান রুমন।

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে বেশির ভাগ সময় সচিবালয়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। রুমনের ভাষ্য অনুযায়ী, এতে ভিআইপি চলাচলের কারণে সৃষ্ট যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থানের প্রচলিত ব্যবস্থাও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে বাংলাদেশ পুলিশ সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থায় সমন্বয় করবে।