
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পবিত্র রমজান মাসকে ব্যবসায়িক মুনাফার মাস হিসেবে পরিগণিত করবেন না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আমি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানাই। রমজান মাস আত্মশুদ্ধির। যদি আমরা আত্মশুদ্ধির মর্মার্থ উপলব্ধি করি, তবে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ানো উচিত নয়। কিন্তু অনেকে এই মাসকে ব্যবসায় অধিক মুনাফার সময় হিসেবে দেখেন। তাই আমি সকল ব্যবসায়ীকে অনুরোধ করছি, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এটি মুনাফার মাস হিসেবে ব্যবহার করবেন না।”
তিনি আরও বলেন, দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকা প্রয়োজন। হাজারও প্রাণের বিনিময়ে মাফিয়া সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। রাষ্ট্র ও সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করছে। বর্তমান সরকার সবক্ষেত্রেই অনাচার ও অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রী ক্ষুদ্র, মাঝারি এবং বড় ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, সরকার ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উভয়ের স্বার্থ রক্ষা করতে কী উদ্যোগ নেওয়া যায়, এ বিষয়ে যেকোনো পরামর্শ বা অভিযোগ সরকারের কাছে জানাতে পারেন। ক্রেতা-বিক্রেতা—আপনারা এই সরকারের শক্তি, ভোটের মাধ্যমে আপনিই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন।
তিনি জানান, রোজাদারদের সুবিধার্থে ইফতার, তারাবিহ ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অপচয় রোধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, অফিস-আদালতে বিনা প্রয়োজনে গ্যাস ও বিদ্যুৎ খরচ না করাও ইবাদতের অংশ।








































