
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তাকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করতে হয়। ওই সভা শেষে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।
এদিন সংবাদ ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, কেউ তাকে ‘মাননীয় মন্ত্রী’ বলে সম্বোধন করলে তিনি ব্যথিত হন। কুমিল্লার আঞ্চলিক ভাষায় তিনি বলেন, জনগণ তাকে কাজ করার জন্য নির্বাচিত করেছে উল্লেখ করে তিনি নিজেকে ‘জনগণের কামলা’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে জনগণের কাজ করার জন্যই দায়িত্ব দিয়েছেন এবং সে কারণেই ‘মাননীয় মন্ত্রী’ বলা হলে তার ভালো লাগে না।
রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আলহামদুলিল্লাহ বলে ধর্মমন্ত্রী দেশবাসীর উদ্দেশে আহ্বান জানান, এই পবিত্র মাসে দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতে—যাতে আল্লাহ দেশ পরিচালনায় সঠিক পথ ও সঠিক বোঝাপড়া দান করেন।







































