শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার

বিএনপির খেলাপি সংসদ সদস্যরা কবে ঋণ পরিশোধ করবেন, প্রশ্ন নাহিদ ইসলামের


Nahid-NCP

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে প্রশ্ন তুলে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হলেও নিজের মন্ত্রিসভা ও দলে থাকা ঋণগ্রস্ত সংসদ সদস্যরা কবে ঋণ পরিশোধ করবেন—তা জানতে চায় দেশের মানুষ।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন মন্ত্রিসভা পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন নয়; বরং পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা দেখা যাচ্ছে। তার অভিযোগ, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নেই এবং গড় বয়স প্রায় ৬০ বছর হওয়ায় তারুণ্যনির্ভর বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে ওঠেনি।

নাহিদ ইসলাম আরও বলেন, মন্ত্রিসভার প্রায় ৬২ শতাংশ সদস্য ব্যবসায়ী এবং উল্লেখযোগ্য সংখ্যকের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। তার দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত সংসদ সদস্যদের বড় একটি অংশই ঋণখেলাপি এবং তাদের মোট ঋণের পরিমাণ প্রায় ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নিয়োগ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ব্যক্তিকে নতুন সরকারের মন্ত্রিসভায় নেওয়া হলে তা অবশ্যই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত।

এদিকে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে এবং বিভিন্ন এলাকায় দলটির কার্যালয় খোলা হচ্ছে, যা নতুন সরকারের প্রশাসন ও ক্ষমতাসীনদের প্রশ্রয়ে হচ্ছে বলেও তিনি দাবি করেন।