
তানিয়া বৃষ্টি। ফাইল ছবি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। চলতি সপ্তাহের রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনের পর টানা ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর গতকাল বৃহস্পতিবার চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রখ্যাত নির্মাতা সকাল আহমেদ।
অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে সকাল আহমেদ জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তানিয়া এখন নিজের বাসায় পূর্ণ বিশ্রামে আছেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর নিজেই ভক্তদের জানিয়েছিলেন তিনি। হাসপাতালের বেডে বসা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া চেয়েছিলেন।
অস্ত্রোপচার পরবর্তী সুস্থতার জন্য তানিয়া বৃষ্টির পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তানিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় আপাতত কাজ বা শুটিং সংক্রান্ত কোনো বিষয়ে যেন তার সঙ্গে যোগাযোগ করা না হয়। দ্রুত সেরে ওঠার জন্য তার এখন সম্পূর্ণ বিশ্রাম ও উন্নত চিকিৎসার প্রয়োজন।
পরিবারের পক্ষ থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে বলা হয়েছে, তানিয়া বৃষ্টি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন এবং কাজে ফিরবেন। আপাতত তার দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া চেয়েছে পরিবার।









































