বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
শেয়ার

ভারতের বিপক্ষে ফের স্বপ্নভঙ্গ, এশিয়া কাপে রানার্সআপ বাংলাদেশ


ban vs Ind

৪৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল

থাইল্যান্ডের ব্যাংককে আরও একবার ভারতের কাছে হারের বিষাদ নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশের মেয়েদের। নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে ভারতের দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২৩ সালে হংকংয়ের আসরেও এই ভারতের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল টাইগ্রেসদের। ফলে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ফাহিমা খাতুনের দলকে।

ব্যাংককের ফাইনালে টস জিতে ব্যাটিং করতে নামা ভারত ‘এ’ দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। শুরুতে বাংলাদেশের অধিনায়ক ও লেগ স্পিনার ফাহিমা খাতুনের তোপে বেশ চাপে পড়েছিল ভারত। ২৫ রানে ৪ উইকেট নিয়ে একাই ধস নামান ফাহিমা। ১০ ওভারে মাত্র ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে টেনে তোলেন রাধা যাদব ও তেজাল হাসাবনিস। এই জুটির ৬৯ রানের ওপর ভর করেই চ্যালেঞ্জিং স্কোর পায় ভারত। ৩৪ বলে ৫১ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরা হন তেজাল।

জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। পাওয়ার প্লের ৬ ওভারে ৩৬ রান তুললেও মিডল অর্ডারের ব্যর্থতায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইনিংস। ওপেনার শামীমা সুলতানার ২০ ও শারমিন সুলতানার ১৮ রান ছাড়া কেউই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। ১০ ওভার শেষে রান রেট কমতে থাকায় পাল্লা দিয়ে বাড়ে উইকেট হারানো। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে মাত্র ৮৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ভারতের লেগ স্পিনার প্রেমা রাওয়াত ১২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের পরাজয় ত্বরান্বিত করেন। আশার আলো জাগিয়েও ব্যাটিং বিপর্যয়ে বড় হারের আক্ষেপে পুড়ে মাঠ ছাড়ে লাল-সবুজ প্রতিনিধিরা।