বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
শেয়ার

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা


Moushi

ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলতি মাসের বেতন দ্রুত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ইএমআইএস সিস্টেমে লগইন করে ফেব্রুয়ারি মাসের এমপিও বিল অনলাইনে সাবমিট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে পাঠানো হবে না।

এতে আরও বলা হয়, ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের কারণে কোনো শিক্ষক বা কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ সম্ভব না হলে এর সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করবেন। সেখানে প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিওর পরিমাণ বিধি অনুযায়ী আলাদাভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। সাবমিটকৃত বিলের কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষর নিয়ে সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে প্রয়োজন হলে তা নথি হিসেবে ব্যবহার করা যায়।

এছাড়া, তালিকাভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসের প্রাপ্যতা নির্ধারণ করে বিল জমা দিতে হবে। সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বেতন কর্তন বা বন্ধের প্রয়োজন হলে সেটিও বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র আইবাসে যাচাইকৃত ভ্যালিড জনবল তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত রয়েছে। যাদের তথ্য এখনো ভুল রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে পরবর্তীতে বিল সাবমিটের আওতায় আনা হবে।

সবশেষে মাউশি স্পষ্ট করে জানিয়েছে, ভুল তথ্যের কারণে এমপিওর অর্থ প্রেরণে জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।