
ফাইল ছবি
মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় দেশটির পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় আরাকান রাজ্যের পোনন্যাগুন শহরের ইয়োয়েঙ্গু গ্রামে চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ ১৭ জন বেসামরিক নিহত এবং ১৪ জন আহত হন। গ্রামটি আরাকান রাজ্যের রাজধানী সিত্তে থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ২০২৪ সালের মার্চে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত রাখাইনের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি শহরটির নিয়ন্ত্রণ নেয়।
পরিচয় প্রকাশ না করার শর্তে পোনন্যাগুনের এক বাসিন্দা জানান, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে পৃথক এক হামলায় দুই শিশুসহ আরও ৯ জন বেসামরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সামরিক বাহিনীর হালকা উড়োজাহাজ থেকে বোমা নিক্ষেপে এ হতাহতের ঘটনা ঘটে।
মিনমু শহরের এক বাসিন্দা বলেন, স্থানীয়রা ইন্টারনেট ব্যবহারের জন্য উপগ্রহভিত্তিক যোগাযোগযন্ত্র ব্যবহার করছিলেন—এমন একটি স্থানে দুটি হালকা উড়োজাহাজ থেকে তিনটি বোমা ফেলা হয়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার উৎখাতের পর থেকে দেশটিতে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ তীব্র হয়ে ওঠে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, অভ্যুত্থানের পর থেকে সংঘাতে ছয় হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।




































