
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ছুরিকাঘাতের ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) টাকোমা শহরের উত্তর-পশ্চিমে কী উপদ্বীপ এলাকায় একটি বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। অঙ্গরাজ্যের নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, সকাল ৮টা ৪১ মিনিটের দিকে তারা খবর পায় এবং ঘটনাস্থলে রওনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা কর্মকর্তারা পৌঁছানোর আগেই সকাল সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তি বাড়ির বাইরে উপস্থিত কয়েকজনের ওপর ছুরিকাঘাত শুরু করেন। ছুরিকাঘাতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত করছে পিয়ার্স কাউন্টির বিশেষ তদন্ত দল।
যে বাড়ির সামনে হামলার ঘটনা ঘটেছে, সেটি এমন এক নারীর বলে ধারণা করা হচ্ছে, যিনি তার ছেলের বিরুদ্ধে এক বছরের সুরক্ষা আদেশ চেয়ে আবেদন করেছিলেন।
আদালতের নথি অনুযায়ী, ওই নারী অভিযোগ করেন তার ছেলে তাকে হুমকি দিতেন এবং মাদকাসক্তির সমস্যায় ভুগছিলেন। তিনি আরও অভিযোগ করেন, তার ছেলে তাকে মানসিকভাবে নির্যাতন করেছেন এবং ব্যক্তিগত জিনিসপত্র নষ্ট করেছেন।
তবে এখন পর্যন্ত সন্দেহভাজন ও নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।





































