
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পূর্ণাঙ্গ প্রস্তুতিতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল
আগামী জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পূর্ণাঙ্গ প্রস্তুতিতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতির যে ঘাটতি ছিল, এবার তা ঘুচিয়ে নিতে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা এই তথ্য নিশ্চিত করেছেন। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মিল রেখে এই সিরিজের সম্ভাব্য ভেন্যু হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে যাতে নিগার সুলতানা জ্যোতিরা বিশ্বকাপের আগে সমধর্মী পরিবেশে মানিয়ে নিতে পারেন।
বিশ্বকাপের এই প্রস্তুতির অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নারী বিপিএল। আগামী ৪ এপ্রিল চট্টগ্রামে এই টুর্নামেন্টের পর্দা উঠবে এবং ১৪ এপ্রিল ঢাকায় সমাপনী পর্বের মাধ্যমে তা শেষ হবে।
রুবাবা দৌলা জানিয়েছেন, এই টুর্নামেন্টে বিদেশি তারকা ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগও উন্মুক্ত থাকবে। ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত জটিলতা এড়াতে এবার আর্থিক লেনদেনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং নারী ক্রিকেটকে গুরুত্ব দেয় এমন প্রতিষ্ঠানকেই দল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।
বিসিবি সূত্রে জানা গেছে, এবারের নারী বিপিএলে মোট তিনটি দল অংশ নেবে। জাতীয় দলের তিন তারকা ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি এই তিন দলের আইকন হিসেবে নেতৃত্ব দেবেন। আইকন ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।
এছাড়া দেশীয় ক্রিকেটারদের জন্য তিনটি ক্যাটাগরি করা হয়েছে যেখানে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৭ লাখ, ‘বি’ ক্যাটাগরি ৫ লাখ এবং ‘সি’ ক্যাটাগরির জন্য ৩ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।







































