শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
শেয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা


south-africa-wi

ছব : সংগৃহীত

সুপার এইটে উঠে যেন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৭৬ রানের দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও একই ছন্দ ধরে রাখল প্রোটিয়ারা। এবার ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে গ্রুপ-১ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ৬০ রান তুলতেই হারায় পাঁচ উইকেট। টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন জেসন হোল্ডার। ৩১ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

মাঝে ম্যাথু ফোর্ড ৯ বলে ১১ রান করে ফেরেন। এরপর রোমারিও শেফার্ডকে নিয়ে অষ্টম উইকেটে ৮৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন হোল্ডার। শেফার্ড ৩৭ বলে ৫১ রান করেন, হাঁকান ৩ চার ও ৪ ছক্কা। হোল্ডারের ইনিংসে ছিল ৪ চার ও ৩ ছক্কা। তাদের লড়াইয়ে আট উইকেটে ১৭৬ রান তোলে উইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি ৩০ রানে নেন তিন উইকেট।

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯৮ রান। ডি কক ২৪ বলে ৪৭ রান করে ফিরলেও ম্যাচ তখন অনেকটাই প্রোটিয়াদের নিয়ন্ত্রণে।

দ্বিতীয় উইকেটে রায়ান রিকেলটনকে নিয়ে আরও ৮২ রান যোগ করেন মার্করাম। অধিনায়ক ৪৬ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল ৭ চার ও ৪ ছক্কা। রিকেলটন ২৮ বলে ৪৫ রান করেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র উইকেটটি নেন রোস্টন চেজ। ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচসেরা হন এইডেন মার্করাম।

টানা দুই জয়ে পূর্ণ চার পয়েন্ট নিয়ে গ্রুপ-১ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। শুধু পয়েন্ট নয়, দাপুটে দুই জয়ে রানরেটেও এগিয়ে রয়েছে প্রোটিয়ারা।