
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ছাড়ার সময় সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ও তাঁর উপদেষ্টা আহসান উল্লাকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলাকে ‘মব’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা বর্তমান সরকার-সমর্থিত ‘মব কালচার’-এর আনুষ্ঠানিক সূচনা বলেই মনে হচ্ছে। গভর্নর ও তাঁর উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের অপমান করার অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও লেখেন, ফ্যাসিবাদের প্রভাবে দেশের অর্থনীতি চরম সংকটে রয়েছে, সর্বস্তরে দুর্নীতির মহামারি চলছে, সঙ্গে চাঁদাবাজি ও সিন্ডিকেট কার্যক্রম রয়েছে। এর মধ্যেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের অর্থনীতির অবশিষ্ট অংশও ধ্বংস হয়ে যেতে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি বলেন, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। একই সঙ্গে সরকারকে উদ্দেশ করে তিনি দাবি জানান—গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মব সৃষ্টির এসব তৎপরতা বন্ধ করতে হবে এবং দলীয় আনুগত্য নয়, যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিশ্চিত করতে হবে।
এদিকে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং ঢাকা-১৬ আসনের এমপি আবদুল বাতেন।
জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে তিন সংসদীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কিশোর গ্যাং প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে।









































