মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শেয়ার

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম


gold

ফাইল ছবি

বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এতে মূল্যবান এ ধাতুর চাহিদা বাড়ায় দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৩২ দশমিক ২১ ডলারে দাঁড়ায়। চলতি ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে এপ্রিল সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচার চুক্তির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৫,২৫৩.২০ ডলারে পৌঁছেছে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের (এএনজেড) বিশ্লেষক সোনি কুমারী বলেন, শুল্কসংক্রান্ত অনিশ্চয়তা এবং ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতি—এই দুই প্রধান কারণে সোনার বাজারে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

অন্যদিকে, এক্সএস ডটকম-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক লিন ট্রান জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও এখনো সুস্পষ্ট অগ্রগতি হয়নি। ফলে সোনার দাম উচ্চ অবস্থানে রয়েছে। তবে এই প্রবণতা দীর্ঘমেয়াদে স্থায়ী হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।

শুধু সোনাই নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯২ দশমিক ২০ ডলারে উঠেছে। প্লাটিনাম ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে চার সপ্তাহের সর্বোচ্চ ২ হাজার ৩৯৩ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে এবং প্যালাডিয়াম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১০ দশমিক ৬০ ডলারে।

এদিকে দেশের বাজারেও সোনার দাম উচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় লেনদেন হচ্ছে।