বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২ মার্চ ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
শেয়ার

আমি আত্মহত্যাকে খুবই স্বার্থপর একটি কাজ বলে মনে করি


nabila

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা

আফরা ইভনাথ খান ইকরার আকস্মিক আত্মহননের ঘটনায় শোবিজ অঙ্গনে শোক ও সমালোচনার ঝড় উঠেছে। অভিনেতা জাহের আলভীর স্ত্রীর এই চরম পথ বেছে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত জানাচ্ছেন তারকারা। এই তালিকায় যুক্ত হয়ে ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

স্ট্যাটাসে নাবিলা লিখেছেন, ‘দুঃখিত, আমি আত্মহত্যাকে খুবই স্বার্থপর একটি কাজ বলে মনে করি। নিজের কষ্ট যদি বাবা-মা ও সন্তানের কষ্টের চেয়ে বড় হয়ে যায় এবং সন্তানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে নিজের কষ্ট থেকে মুক্তি নেওয়াই মুখ্য হয়, তাহলে তা নিঃসন্দেহে স্বার্থপরতা।’

বিশেষ করে আলভী-ইকরা দম্পতির সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, মা ছাড়া একটি শিশুর বেড়ে ওঠা অত্যন্ত কঠিন। নাবিলা লিখেছেন, ‘বাচ্চাটার ভবিষ্যৎ যাতে সুস্থ আর নিরাপদ হয় এই দোয়া করি, আল্লাহ তার বাবা মাকে এই কষ্ট সহ্য করার শক্তি দিক।’

একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, জীবন প্রেম বা যেকোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি বড় এবং মূল্যবান। জীবন সবসময় রূপকথার মতো না হলেও প্রতিকূলতার মাঝে মর্যাদার সঙ্গে টিকে থাকাই প্রকৃত বীরত্ব। 

সন্তানের হাসিমুখের জন্য হলেও মা-বাবাদের লড়াই চালিয়ে যাওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। জীবন যতই তিক্ত বা নির্মম হোক না কেন, হাল ছেড়ে না দিয়ে বেঁচে থাকার মধ্যেই তৃপ্তি খোঁজার আহ্বান জানিয়েছেন নাবিলা।