রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২ মার্চ ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
শেয়ার

নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি ইরানের


Netaniahu

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং দেশটির বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ওই শাসনের বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় ‘খাইবার’ নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে বার্তা সংস্থা এএফপির বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের পক্ষ থেকে হামলার দাবি করা হলেও ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরায়েলি কর্মকর্তারা আরও জানান, হামলার লক্ষ্যবস্তু হিসেবে যেসব স্থাপনার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর শীর্ষ কমান্ড সংশ্লিষ্ট একটি সদর দপ্তর। তবে নিরাপত্তাজনিত কারণে স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান বা ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এই হামলার দাবিকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।