
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন— গোয়ালপাড়া গ্রামের মৃত মমছের আলীর ছেলে ইসমাইল (৭০) এবং মৃত ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)। তারা দুজনেই বিএনপির দীর্ঘদিনের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা আয়তনের একটি খাস পুকুর দীর্ঘ ১৫-১৬ বছর ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও তার লোকজন মসজিদের নামে লিজ নিয়ে ভোগদখল করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক পুকুরটি তিন বছরের জন্য লিজ নেন।
সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরতে গেলে আওয়ামী লীগ সমর্থক আছমত আলীর লোকজন তাতে বাধা দেয়। একপর্যায়ে আছমত আলীর নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র, হাসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে বিএনপি কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং অন্তত ১১ জন গুরুতর আহত হন।
ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী অভিযোগ করেন, ৫ আগস্টের পর আবু বক্কর সিদ্দিক নিয়ম অনুযায়ী পুকুরটি লিজ নিলেও আওয়ামী লীগের আছমত আলী গংরা সেখানে মাছ ধরতে দিচ্ছিল না। আজ সকালে মাছ ধরতে গেলে তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাদের দুই কর্মীকে হত্যা করেছে। ঘটনার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রায়গঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুপুর ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইসমাইল হোসেন এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, পুকুর নিয়ে সংঘর্ষে বিএনপির দুজন কর্মী নিহত হয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







































