
ফাইল ছবি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত পাঁচ দিনের ছুটি আরও বাড়তে পারে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে সরকার। এ নিয়ে এখন মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ সাধারণ ছুটি। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি থাকায় মোট পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। অর্থাৎ ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
তবে ২৪ ও ২৫ মার্চ (মঙ্গল ও বুধবার) নতুন করে ছুটি ঘোষণা করা হলে ২৬ মার্চের স্বাধীনতা দিবসের ছুটি এবং ২৭-২৮ মার্চের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ছুটি দীর্ঘ হলে মানুষ ধাপে ধাপে বাড়ি ফেরার সুযোগ পায়, ফলে সড়কে বা যানবাহনে একসঙ্গে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় না। তবে বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর।
এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা মন্ত্রিসভার বৈঠকের দিকে। বৃহস্পতিবারের বৈঠকেই নির্ধারিত হবে এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা কত দিনের টানা ছুটি পাচ্ছেন।




































