
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের মধ্যে শুরু হয়েছে ছুটির হিসাব-নিকাশ। বেতন-বোনাসের পাশাপাশি এখন বড় আলোচনার বিষয়— ঈদ কবে হতে পারে এবং ছুটি কতদিন মিলবে।
২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী শবে কদর, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবসের ছুটির মাঝে মাত্র কয়েকদিন বাড়তি ছুটি নিলেই এবার টানা ১০ থেকে ১২ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।
১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ায় চাঁদ দেখা সাপেক্ষে ২১ বা ২২ মার্চ ঈদ উদযাপিত হতে পারে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মার্চ ঈদ ধরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের পাঁচ দিনের ছুটি নির্ধারিত আছে। তবে এর ঠিক আগেই ১৭ মার্চ রয়েছে শবে কদরের ছুটি।
ছুটির এই বিন্যাসে যারা ১৮ মার্চ এবং ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ—এই তিন দিন নৈমিত্তিক ছুটি নিতে পারবেন, তারা শবে কদর থেকে শুরু করে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১২ দিন পর্যন্ত বিশ্রামের সুযোগ পাবেন। এমনকি শুধু ২৪ ও ২৫ মার্চ ছুটি নিলেও ১৯ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
রমজান ২৯ দিনে শেষ হলে ২১ মার্চ ঈদ হবে, আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ২২ মার্চ। তবে ২৬ মার্চের স্বাধীনতা দিবস এবং পরবর্তী শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি মিলে যাওয়ায় এবার ঘরমুখো মানুষের যাতায়াত ও ঈদ উদযাপন অনেক বেশি আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।




































