
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পাঁচ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
এক বিবৃতিতে বাহিনীটি জানায়, অত্যাধুনিক ‘খোররামশাহ-৪’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। প্রায় এক টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র তেল আবিব শহরের কেন্দ্রে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। একই সঙ্গে বিমানবন্দরে থাকা ইসরায়েলি বিমানবাহিনীর ২৭তম স্কোয়াড্রনের ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কেও এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গত ২৮ ফেব্রুয়ারি বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় পাঁচ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার আবারও এটি চালু করা হয়।
বিমানবন্দর চালুর পর এথেন্স থেকে একটি বিশেষ ফ্লাইট প্রথমে সেখানে অবতরণ করে। ওই ফ্লাইটে বিভিন্ন দেশে আটকে পড়া ইসরায়েলি নাগরিকদের একটি অংশ দেশে ফিরেছেন। ইসরায়েলি বিমান সংস্থাগুলোর ধারণা, বিমানবন্দর বন্ধ থাকার সময় বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক লাখ ইসরায়েলি নাগরিক আটকে পড়েছিলেন।






































