রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ মার্চ ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
শেয়ার

বিয়ে করলেন শচীন পুত্র অর্জুন


Arjun-Tendulkar

ভারতের মুম্বাইয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অর্জুন ও সানিয়ার বিবাহোত্তর সংবর্ধনা। অতিথিদের অভ্যর্থনা জানানোর পর নবদম্পতি একসঙ্গে বাইরে এসে আলোকচিত্রীদের সামনে পোজ দেন। হাত ধরে দাঁড়িয়ে থাকা তাদের সেই মুহূর্তের ছবি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে ঐতিহ্যবাহী লাল পোশাকে নজর কাড়েন নবদম্পতি। অর্জুন পরেছিলেন ভারী কারুকাজ করা লাল জ্যাকেট, সঙ্গে লাল কুর্তা ও আইভরি প্যান্ট। অন্যদিকে পেশায় প্রাণিচিকিৎসক সানিয়া চন্দক লাল ও গোলাপি রঙের শাড়ি–গাউন পরেন, যার সঙ্গে পান্না ও হীরার নেকলেস, কানের দুল ও মাথার অলংকার ছিল।

পরে নবদম্পতির সঙ্গে যোগ দেন পরিবারের সদস্যরাও। ছেলের বিয়ের অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার পরেছিলেন কারুকাজ করা আইভরি রঙের ইন্দো–ওয়েস্টার্ন পোশাক। অর্জুনের মা অঞ্জলি টেন্ডুলকার গাঢ় গোলাপি ডিজাইনার শাড়িতে উপস্থিত হন, আর বোন সারা টেন্ডুলকার গোলাপি শাড়িতে নজর কাড়েন।

Tendulkar-Family

৫ মার্চ আয়োজিত এই সংবর্ধনায় বলিউড ও ক্রিকেট অঙ্গনের বহু তারকা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন শাহরুখ খান, গৌরী খান ও তাঁদের মেয়ে সুহানা খান। এসেছিলেন আমির খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চন।

এছাড়া ক্রিকেট অঙ্গন থেকে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং ও রাহুল দ্রাবিড়সহ আরও অনেকেই। অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

সূত্র: পিংকভিলা