রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৬ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শেয়ার

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ: রাষ্ট্রপতি


President-Shahabuddfin

ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরেছে। শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি পাটচাষিদের উদ্দেশে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল পাট চাষের আহ্বান জানান। একই সঙ্গে তিনি উদ্যোক্তাদের বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, অল্পমূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বিপণন বাড়াতে হবে। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিং শক্তিশালী করে বৈশ্বিক ই–কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

এর আগে আজ সকাল সাড়ে ৯টায় জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২০১৭ সাল থেকে প্রতিবছর ৬ মার্চ জাতীয়ভাবে পাট দিবস পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’।

দিবসটি উপলক্ষে পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে।