
বেগম খালেদা জিয়া
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ‘অদম্য নারী পুরস্কার’ কর্মসূচির আওতায় তাকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করবে।
শুক্রবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
আগামী রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের মূল অনুষ্ঠানে খালেদা জিয়ার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হচ্ছে। অন্যান্য বিজয়ীরা হলেন— অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে অবদানের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন।
সংশ্লিষ্টদের মতে, সরকারের এই উদ্যোগ নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় নারীদের সক্রিয় অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।






































