রবিবার । মার্চ ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ মার্চ ২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি শুরু আজ থেকে


petrol-pump

দাম বৃদ্ধির আতঙ্কে পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়। ছবি: সংগৃহীত

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি তেলের সংকট এড়াতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (৮ মার্চ) থেকে এ ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি জানান, রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির বিষয়ে শিগগিরই দেশের সব পেট্রোল পাম্পকে লিখিত নির্দেশনা দেওয়া হবে।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের যানবাহনের জন্য দৈনিক জ্বালানি তেলের নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে।

বিপিসির নির্দেশনা অনুযায়ী, নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে ১০ লিটার তেল।

স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভি (যা জিপ নামে পরিচিত) ও মাইক্রোবাস দিনে পাবে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারবে।

বিপিসি জানায়, দেশে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটের কারণে অনেক সময় আমদানির প্রক্রিয়ায় বিলম্ব বা বাধা তৈরি হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুদ নিয়ে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা দেখা দিয়েছে।

এর ফলে ডিলাররাও আগের তুলনায় বেশি পরিমাণ তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সাময়িকভাবে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিপিসি।