
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব জানান, তিনি টস জিতলেও আগে ব্যাটিংই বেছে নিতেন। ফাইনালের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি।
অন্যদিকে নিউজিল্যান্ড দলে একটি পরিবর্তন এসেছে। কোল ম্যাকোনকির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেসার জ্যাকব ডাফি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে দুই শক্তিশালী দল ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়েছে দুই দলের মহারণ।
ভারত এর আগে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে—২০০৭ ও ২০২৪ সালে। বর্তমান আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। ঘরের মাঠে খেলার সুবিধা থাকায় ফাইনালে ভারতকে কিছুটা এগিয়ে রাখছেন বিশ্লেষকরা।
অন্যদিকে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে দ্বিতীয়বারের মতো। এর আগে ২০২১ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল কিউইদের। এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে স্যান্টনারের দল।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ রানপ্রসবা হওয়ার সম্ভাবনাই বেশি। লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি এই উইকেটে খুব বেশি ধীরগতির বা অতিরিক্ত বাউন্স থাকার সম্ভাবনা নেই।
ভারত একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, অর্শদীপ সিং, বরুন চক্রবর্তী ও যশপ্রীত বুমরাহ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও লকি ফার্গুসন।








































