সোমবার । মার্চ ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ মার্চ ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি


weather

ফাইল ছবি

দেশের তিন জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, শুধু এই তিন জেলা নয়, বরং ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশালসহ দেশের সব বিভাগেই দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।