
ফাইল ছবি
নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
অবসরে পাঠানো অন্য কর্মকর্তারা হলেন অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান মিয়া এবং মো. তওফিক মাহবুব চৌধুরী।
এদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া মো. মাসুদুর রহমান মিয়া পুলিশ সদর দপ্তর ঢাকায় সংযুক্ত (টিআর পদে) ছিলেন।
অন্যদিকে মো. তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বে ছিলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের এই বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।






































