বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১০ মার্চ ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
শেয়ার

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের


nahid-islam

এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অবিলম্বে বর্তমান রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটে পাওয়া ‘হ্যাঁ’ রায় বাস্তবায়নেরও দাবি জানান তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী নগরীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

রাষ্ট্রপতির বিষয়ে তিনি আরো বলেন, কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য নয়, বরং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি আদায় করতেই তারা জাতীয় সংসদে যাবেন। সংস্কার ও বিচারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেদিন রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন বলে শোনা যাচ্ছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি জনগণের রায়ের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানাতে।

দেশের মানুষ নির্বাচনে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই রায়ের ভিত্তিতে রাষ্ট্র ও সংবিধান সংস্কারের কাজ দ্রুত শুরু করতে হবে। কবে উচ্চকক্ষ গঠন করা হবে এবং কবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে—এসব বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতেই তারা সংসদে যাচ্ছেন বলে জানান তিনি।

এ সময় শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, হাদির হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি এ হত্যাকাণ্ডের পেছনে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়েও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, উদ্যোগটি ভালো হলেও দুর্নীতি ও ঋণখেলাপি বন্ধ না হলে এর সুফল সাধারণ মানুষ খুব বেশি পাবে না। তাই দ্রুত ঋণখেলাপিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।