মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১০ মার্চ ২০২৬, ৯:২০ অপরাহ্ন
শেয়ার

আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী


salauddin

ফাইল ছবি

গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণভোট সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত সংসদে আলোচনা করেই নিতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তন-এ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে যেতে হবে। সেখানে আলোচনার মাধ্যমে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে নতুন করে শপথ নেওয়ার বিষয়টিও নির্ধারিত সাংবিধানিক কাঠামোর মধ্যেই সম্পন্ন হবে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। যারা দাবি করে নির্বাচনে চক্রান্তের মাধ্যমে তাদের পরাজিত করা হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাও নাজায়েজ। নির্বাচনের পর সমালোচনাকারী অনেক দলই ওই সনদে স্বাক্ষর করেছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সংবিধান মেনেই রাষ্ট্র পরিচালনা করছে। গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে সংসদে আলোচনা অপরিহার্য। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করবে এবং উপরাষ্ট্রপতির পদসহ সংশ্লিষ্ট বিষয়গুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, আগে সংসদে আসতে হবে, এরপর গণভোট নিয়ে সিদ্ধান্ত হবে। যতটুকু বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, ততটুকুই বাস্তবায়ন করা হবে। আলোচনার মাধ্যমেই সংবিধান সংশোধনের পথ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।