মঙ্গলবার । জুন ২, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১০ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শেয়ার

৩৫ বাংলাদেশিসহ ১৫৯ বিদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া


malaysia-return

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে ৩৫ জন বাংলাদেশিসহ মোট ১৫৯ জন বিদেশি নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (৯ মার্চ) জোহর অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মাসের শুরু থেকে ফেরত পাঠানো বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশের ৩৫ জনের পাশাপাশি ইন্দোনেশিয়ার ৭২ জন, মিয়ানমারের ২০ জন, থাইল্যান্ডের ১৩ জন এবং চীন, ভারত, ভিয়েতনাম ও নেপালের নাগরিকরা রয়েছেন।

ফেরত প্রক্রিয়াটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও ২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্তুলাং লাউত ফেরি টার্মিনালের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। প্রত্যেকের কাছে বৈধ পাসপোর্ট বা সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে ইস্যু করা জরুরি ভ্রমণ নথি ছিল।

মূলত সাজা ভোগ শেষ করা বন্দিদের দ্রুত দেশে পাঠাতে এবং ইমিগ্রেশন সেন্টারের শৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

জোহর অভিবাসন বিভাগ জানিয়েছে, এই ফেরতপ্রাপ্ত সকলকে সরকারি ‘ব্ল্যাকলিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তারা নির্দিষ্ট সময়ের জন্য মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না। বিভাগটি উল্লেখ করেছে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রত্যাবাসন সংক্রান্ত টিকিট বা দাফতরিক কাজের জন্য কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে না। সকল প্রক্রিয়া সরাসরি পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর সার্ভিস কাউন্টারে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য নির্দিষ্ট হেল্পলাইন নম্বর ০৭-৬৯৯৩৫৪০ অথবা অনলাইন ইনকোয়ারি সিস্টেমের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।