বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১২ মার্চ ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন
শেয়ার

মার্চের ১০ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার


remittance

ফাইল ছবি

চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে দেশে ১৭৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৭ কোটি ৩৮ লাখ ডলার।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১১৪ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪১৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২৩ দশমিক ২০ শতাংশ বেশি।

এর আগে গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার। আর জানুয়ারিতে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

অন্যদিকে, গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। এটি ছিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স এবং চলতি অর্থবছরে এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়।

এদিকে ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।