
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সেনাদের অবস্থান ও চলাচল সম্পর্কে তথ্য দিতে ওই অঞ্চলের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা।
এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, বর্তমানে হাজার হাজার মার্কিন সেনা সদস্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন হোটেল ও ব্যক্তিগত বাসাবাড়িতে আত্মগোপনে রয়েছে। ওয়াশিংটন নিজেদের স্বার্থে স্থানীয় আরব নাগরিকদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সেনাদের শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পরিণত করা এখন সময়ের দাবি। তাই কোনো হোটেল বা বাসাবাড়িতে তাদের আশ্রয় না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে তাদের অবস্থানের আশপাশ থেকে দূরে থাকার সতর্কতাও জানানো হয়েছে।
ইরান মার্কিন সেনাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের লুকিয়ে থাকার স্থান সম্পর্কে তথ্য দেওয়াকে ‘ইসলামী দায়িত্ব’ বলেও উল্লেখ করেছে। এজন্য নির্দিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং এসব তথ্যের ভিত্তিতে পরবর্তী সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।




































