শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৩ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শেয়ার

ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযান চলছে


biman iraq

ইরাকভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে তারা পশ্চিম ইরাকে একটি মার্কিন কেসি-১৩৫ বিমান ভূপাতিত করেছে

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বৃহস্পতিবার দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেন্টকম জানায়, একটি ট্যাংকার বিমান “অপারেশন এপিক ফিউরি” চলাকালে বন্ধুত্বপূর্ণ আকাশসীমার মধ্যে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা জীবিত কারও বিষয়ে নিশ্চিত তথ্য জানানো হয়নি।

সেন্টকমের মতে, দুর্ঘটনায় দুটি বিমানের সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করেছে। সংস্থাটি দাবি করেছে, ঘটনাটি শত্রু বা মিত্র বাহিনীর গুলির কারণে ঘটেনি।

অন্যদিকে, ইরাকভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে যে তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে পশ্চিম ইরাকে একটি মার্কিন কেসি-১৩৫ বিমান ভূপাতিত করেছে।

এর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির খবর আসছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে ইতোমধ্যে সাতজন মার্কিন সেনা নিহত এবং প্রায় ১৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

যুদ্ধ শুরুর একদিন পর ১ মার্চ তিনটি যুদ্ধবিমান ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয়েছিল, যদিও সেগুলোর ছয়জন ক্রু নিরাপদে উদ্ধার হন।

এদিকে যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ নিয়ে জনসমর্থন কম। বিভিন্ন জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সমর্থন করছেন না এবং স্থলযুদ্ধে সেনা পাঠানোর বিরোধিতা করছেন।