
দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ রাত থেকেই তুলে নেওয়া হচ্ছে
দেশে চলমান জ্বালানি সংকটের মাঝে গণপরিবহন মালিক ও শ্রমিকদের জন্য স্বস্তির খবর দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, গণপরিবহনের ক্ষেত্রে জ্বালানি তেল রেশনিংয়ের যে সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তা আর থাকছে না।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।
সেতুমন্ত্রী ঘোষণা করেন, “দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকেই তুলে নেওয়া হচ্ছে। এখন থেকে বাসগুলো তাদের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত তেল সংগ্রহ করতে পারবে।” মূলত মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গণপরিবহনের জন্য বিধিনিষেধ শিথিল করা হলেও ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে আগের রেশনিং পদ্ধতিই বহাল থাকছে। অর্থাৎ:
মোটরসাইকেল: দিনে সর্বোচ্চ ২ লিটার।
ব্যক্তিগত গাড়ি: দিনে সর্বোচ্চ ১০ লিটার।
এসইউভি ও মাইক্রোবাস: ২০ থেকে ২৫ লিটার।
পিকআপ ও লোকাল বাস (ডিজেল): ৭০ থেকে ৮০ লিটার।
এর আগে গত ৬ মার্চ জ্বালানি সাশ্রয়ে বিপিসি তেলের সরবরাহ সীমা নির্ধারণ করে দিয়েছিল। গণপরিবহনের জন্য এই বাধা দূর হওয়ায় এখন থেকে পরিবহন চলাচল আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।





































