রবিবার । মার্চ ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৫ মার্চ ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
শেয়ার

বলিউডকে টেক্কা দিয়ে ইউটিউব কাঁপাচ্ছে বাংলাদেশের তিন সিনেমা


you tube trend

ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় শুরু হয়েছে দেশি-বিদেশি সিনেমার ট্রেলার যুদ্ধের এক হাড্ডাহাড্ডি লড়াই

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় শুরু হয়েছে দেশি-বিদেশি সিনেমার ট্রেলার যুদ্ধের এক হাড্ডাহাড্ডি লড়াই। কয়েক দিন ধরে রাজত্ব করা রণবীর সিংয়ের সিনেমার ট্রেলারকে হটিয়ে এখন শীর্ষ দুই অবস্থান দখল করে নিয়েছে বাংলাদেশের দুই আলোচিত ছবি ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’।

 এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার টিজারটি এখন ট্রেন্ডিংয়ের এক নম্বরে। মাত্র দুই দিনেই সাত লাখের বেশি ভিউ পাওয়া এই টিজারে শাকিবকে দেখা গেছে দুর্ধর্ষ গ্যাংস্টার রূপে। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই টিজারে শাকিবের লুক এবং অ্যাকশন মেজাজ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ৩৪ হাজারের বেশি লাইক এবং ৭ হাজারেরও বেশি মন্তব্যই বলে দিচ্ছে শাকিব-ভক্তদের উন্মাদনা।

YT Trending

পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’

ট্রেন্ডিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমার ট্রেলার। রিয়েল এনার্জি প্রোডাকশনের চ্যানেলে প্রকাশের মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই চার লাখের বেশি ভিউ পেয়েছে এটি। প্রথমবার মারমুখী এবং ভয়ংকর খুনি চরিত্রে হাজির হয়ে চমক দিয়েছেন সিয়াম। এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে।

ট্রেন্ডিং তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে রণবীরের ‘দ্য রিভেঞ্জ’ এবং ভারতীয় সিনেমা ‘টক্সিক’। তবে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের আরও একটি তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তানিম নূরের পরিচালনায় এই সিনেমার ট্রেলারটিও একদিনে ৪ লাখ দর্শক দেখেছেন। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও বাঁধনের মতো তারকাদের উপস্থিতি এই সিনেমাকে নিয়ে দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

ইউটিউবের এই জনপ্রিয়তার প্রতিফলন সিনেমা হলের বক্স অফিসে কতটা পড়বে, এখন সেটিই দেখার অপেক্ষায় চলচ্চিত্র সংশ্লিষ্টরা।