সোমবার । মার্চ ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৬ মার্চ ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন
শেয়ার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, রাখা হয়েছে আইসিইউতে


mirza-abbas

ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসায়েন্সেস বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন এবং বর্তমানে তাকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, যাত্রাপথে তার কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা যায়নি। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে চিকিৎসা শুরু করেছেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।