সোমবার । মার্চ ১৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৬ মার্চ ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
শেয়ার

যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার


Arrest

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক বাংলাদেশিসহ ৩৫ জন। গতকাল রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিক রয়েছেন। রোববার আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে ইরান যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য এবং কৃত্রিম ভিডিও কনটেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে। গত কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফরমগুলোতে কড়া নজরদারির পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা উস্কে দেওয়া এবং সাধারণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তারা এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস বলেন, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা উস্কে দেওয়া এবং দেশের সাধারণ স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে তৈরি কৃত্রিম তথ্য ও কৃত্রিম বিষয়বস্তুর বিস্তার ঠেকাতে ডিজিটাল প্ল্যাটফরমগুলোতে কঠোর নজরদারির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমিরাতে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। দেশটির আইন অনুযায়ী এ অপরাধ প্রমাণিত হলে অন্তত এক বছর কারাদণ্ড এবং এক লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

গ্রেপ্তারদের ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস। তিনি বলেন, গ্রেপ্তাররা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও আপলোড করতেন। আমিরাতের সরকার মনে করে, এ ধরনের কর্মকাণ্ড শুধু স্থিতিশীলতা নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।