মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৬ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শেয়ার

উত্তরায় শপিং মলে ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১২


uttara

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে একটি বিপণিবিতানে ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত স্কয়ার শপিং মলে ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, কথা–কাটাকাটির জেরে বিপণিবিতানের নিরাপত্তাকর্মীরা এক রিকশাচালককে ভেতরে নিয়ে পিটিয়ে হত্যা করেছেন। এ গুজব ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রিকশাচালকেরা বিপণিবিতানে হামলা ও ভাঙচুর চালান এবং সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে মোতায়েন হন।

রাতেই সেখানে যান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি রিকশাচালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে এক রিকশাচালক ও বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটলেও পরে ওই রিকশাচালক চলে যান। তবে ক্ষুব্ধ রিকশাচালকদের দাবি, ওই চালককে ভেতরে আটকে রেখে মারধর করা হয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদ জানান, অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।