
এ পদ্ধতিতে আগে থেকেই সম্ভাব্য চাঁদ দেখার সময় ও অবস্থান গণনা করা হয় এবং সেই অনুযায়ী ধর্মীয় ক্যালেন্ডার প্রকাশ করা হয়
পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে তুরস্ক। দেশটি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে আগামী ২০ মার্চ, শুক্রবার ঈদুল ফিতর পালনের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে—এমন পূর্বাভাসের ওপর ভিত্তি করেই তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। দেশটিতে সাধারণত চাঁদ দেখার প্রত্যক্ষ সাক্ষ্যের পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনা ও পূর্বনির্ধারিত ক্যালেন্ডার অনুসরণ করে ইসলামী মাসের সূচনা নির্ধারণ করা হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক মডেল ও চাঁদের অবস্থান নির্ণয়ের হিসাব ব্যবহার করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ পদ্ধতিতে আগে থেকেই সম্ভাব্য চাঁদ দেখার সময় ও অবস্থান গণনা করা হয় এবং সেই অনুযায়ী ধর্মীয় ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
উল্লেখ্য, তুরস্কসহ ইউরোপের কয়েকটি দেশ দীর্ঘদিন ধরে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করে রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করে আসছে। তবে বিশ্বের অনেক মুসলিম দেশ এখনও সরাসরি চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের দিন ঘোষণা করে।






































