শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ মার্চ ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
শেয়ার

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা


chuppu

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২০ মার্চ) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মুমিন মুসলমানরা সব অন্যায়, অবিচার ও পাপাচার থেকে মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জনের চেষ্টা করেন। ঈদের এই দিনে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং আনন্দের ভাগাভাগি করে নেন।

রাষ্ট্রপতি একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আমরা এগিয়ে চলেছি। এই নতুন বাংলাদেশ গড়ার পথে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে নতুন উদ্যম ও অনুপ্রেরণা জোগাবে—এটাই আমার প্রত্যাশা।’

বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রভাব নিয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমান পরিস্থিতির অনাকাঙ্ক্ষিত অভিঘাত সামাল দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান।

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রার্থনা করেন যেন ঈদের অনাবিল আনন্দ ও সৌহার্দ্য সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।