শনিবার । মার্চ ২১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২১ মার্চ ২০২৬, ৭:২০ অপরাহ্ন
শেয়ার

নির্ভরযোগ্য অংশীদার হিসেবে মস্কো সবসময় তেহরানের পাশে থাকবে: পুতিন


Putin

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

নওরোজ বা ফারসি নববর্ষ উপলক্ষে ইরানের জনগণ ও নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে মস্কো সবসময় তেহরানের পাশে থাকবে।

শনিবার ক্রেমলিনের বরাতে জানানো হয়, শুভেচ্ছা বার্তায় পুতিন ইরানি জনগণের প্রতি কঠিন সময় সসম্মানে অতিক্রম করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ বলে নিন্দা জানান।

ক্রেমলিন দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ঠেলে দিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে জানায়, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শর্ত বিনিময়ের প্রস্তাব দিয়েছিল মস্কো। তবে সেই দাবি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ফলে তেলের দাম বৃদ্ধিতে রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারত্ব থাকলেও চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষার কোনো ধারা নেই।

অন্যদিকে, মস্কো স্পষ্ট করেছে— ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে, সেটিই তারা চায়। কারণ এতে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: রয়টার্স