রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২২ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শেয়ার

আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত


bangladesh-india

ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ভারতের বাংলাদেশ সফর। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রভাবশালী ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর এক প্রতিবেদনে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিসিবির খসড়া পরিকল্পনা অনুযায়ী, আসন্ন এই সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সিরিজটি খেলতে আগামী ২৮ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের।

সূচি অনুযায়ী, সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হবে দুই দল। কুড়ি ওভারের এই সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর।

মূলত ভারতের বিপক্ষে এই হাই-ভোল্টেজ সিরিজের নতুন সূচি সমন্বয় করতেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে তাদের পূর্বনির্ধারিত সফরটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল বিসিবি। এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা আয়ারল্যান্ডকে অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ করেছিলাম। কিন্তু তাদের ব্যস্ত সূচির কারণে আপাতত তা সম্ভব হচ্ছে না। আশা করছি, ২০২৭ সালে এই সফরের জন্য নতুন একটি সময় খুঁজে পাওয়া যাবে।’

সম্প্রতি ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে টাইগাররা। এই ঐতিহাসিক জয়ের সুফল মিলেছে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এক ধাপ এগিয়ে বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে আসন্ন এই সিরিজটি বাংলাদেশের জন্য র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতির বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।