
পুরুষ কাঁদে না—এই বাক্যটি আমাদের সমাজে প্রায় অলিখিত আইন হয়ে আছে। শৈশব থেকেই ছেলেদের শেখানো হয়, চোখের জল দুর্বলতার চিহ্ন; কান্না মানেই লজ্জা, ব্যর্থতা, অক্ষমতা। খেলাধুলায় হেরে গেলে, পরীক্ষায় খারাপ করলে, বন্ধু হারালে—সব জায়গায় একটি কথাই শোনা যায়, ছেলে মানুষ, কাঁদিস না। এই কথাগুলো ধীরে ধীরে ছেলেদের মনের ভেতর গেঁথে যায়। তারা বুঝে নেয়—কাঁদলে গ্রহণযোগ্য হওয়া যায় না।
কিন্তু এই না-কাঁদার শিক্ষা কি সত্যিই কান্নাকে থামিয়ে দিতে পারে? নাকি তা কেবল কান্নার রং, ভাষা আর সময় বদলে দেয়?
পুরুষ কাঁদে—কিন্তু সে কান্না চোখে পড়ে না। সে কাঁদে গভীর রাতে, যখন ঘরের আলো নিভে যায়, চারপাশ নিস্তব্ধ হয়। বালিশে মুখ গুঁজে, অথবা চোখ খোলা রেখেই—কোনো শব্দ না করে।
অনেক সময় তার চোখে জল আসে না, অথচ বুকের ভেতরটা ভিজে থাকে। শ্বাস ভারী হয়ে আসে, বুকের ভেতর জমে থাকা কথাগুলো মাথার ভেতর ঘুরতে থাকে। পুরুষের কান্না তাই নীরব, দীর্ঘ, জমে থাকা এক ধরনের ব্যথা।

ছেলেবেলা থেকেই তাকে শক্ত হতে শেখানো হয়। বাবা-মা, শিক্ষক, আত্মীয়স্বজন—সবাই চায় সে দায়িত্বশীল হোক, সহনশীল হোক। পরিবারের কোনো বিপদে তার দিকে তাকিয়ে বলা হয়, তুই তো ছেলে, তোকেই তো সামলাতে হবে। তখন তার নিজের ভয়, নিজের দ্বিধা বা দুর্বলতার কথা বলার জায়গা আর থাকে না। সে ধীরে ধীরে শিখে যায়—নিজের কান্না নিজেকেই গিলে ফেলতে হয়, নিজের কষ্ট নিজেকেই বহন করতে হয়।
এই চাপ একসময় অভ্যাসে পরিণত হয়। সে আর বুঝতেও পারে না, সে কষ্ট পাচ্ছে কি না। কষ্টকে স্বাভাবিক বলে মেনে নেয়। হাসিমুখে দায়িত্ব পালন করতে করতে সে ভুলে যায়, তারও ভেঙে পড়ার অধিকার আছে।
পুরুষের কান্না সবচেয়ে বেশি জমে দায়িত্বের ভেতরে। চাকরি, সংসার, অর্থনৈতিক চাপ—এসব তাকে কাঁদার সময় দেয় না। চাকরি হারালে সে প্রথমে কাঁদে না; সে হিসাব করে—আগামী মাসের ভাড়া, বাজার, সন্তানের স্কুল ফি। নিজের হতাশার চেয়ে দায়িত্বগুলো বড় হয়ে দাঁড়ায়। সে নিজের কষ্টকে ছোট করে দেখে, ভাবতে শেখে—এটা তো আমার একার সমস্যা না। কিন্তু এই চেপে রাখা কষ্ট একদিন ভারী হয়ে ওঠে।
ভালোবাসার ক্ষেত্রেও পুরুষের কান্না আলাদা। সম্পর্ক ভাঙলে, প্রত্যাখ্যাত হলে, বা অপূর্ণ ভালোবাসার ভার বইতে হলে—সে প্রকাশ্যে ভেঙে পড়তে পারে না। সমাজ তাকে শেখায়, ভালোবাসায় আহত হওয়া মেয়েদের জন্য মানানসই, পুরুষের জন্য নয়। ফলে বন্ধুদের সামনে সে হাসে, আড্ডায় অংশ নেয়, স্বাভাবিক থাকার চেষ্টা করে। কেউ প্রশ্ন করলে বলে, আছি ভালো। কিন্তু একা হলে, কোনো পুরোনো গান শুনতে শুনতে, হঠাৎ কোনো পরিচিত গন্ধ বা দৃশ্য দেখলে—বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ে। সেই ভাঙনের শব্দ কেউ শোনে না।
অনেক সময় পুরুষ কাঁদে রাগ হয়ে। অকারণে বিরক্ত হওয়া, হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া, কথা কমে যাওয়া—এসবই তার অপ্রকাশিত কান্নার ভাষা। সমাজ তাকে শিখিয়েছে কাঁদার বদলে শক্ত হতে, কিন্তু শক্ত হওয়ার এই অভিনয় তাকে ধীরে ধীরে একা করে ফেলে। সে বুঝতে পারে, কষ্টের কথা বললে তাকে দুর্বল ভাবা হবে, গুরুত্ব দেওয়া হবে না।

মানসিক স্বাস্থ্যের প্রশ্নে পুরুষ সবচেয়ে অবহেলিত। বিষণ্নতা, উদ্বেগ, একাকিত্ব—এসব নিয়ে কথা বলাকে সে দুর্বলতা মনে করে। ফলে সাহায্য চাইতে দেরি হয়। অনেক পুরুষ বছরের পর বছর কষ্ট চেপে রাখে, কাউকে কিছু বলে না। কখনো সেই জমে থাকা কান্না হঠাৎ ভয়ংকর রূপ নেয়—নিজের ক্ষতি করার চিন্তা, অথবা আচমকা ভেঙে পড়া। তখন চারপাশের মানুষ অবাক হয়ে বলে, “ও তো কখনো কাঁদতই না!”
আসলে পুরুষ কীভাবে কাঁদে, তা সেই শুধু জানে। জানে তার বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো। জানে আয়নার সামনে দাঁড়িয়ে শক্ত থাকার মুখোশটা কত ভারী। জানে সেই একা থাকার রাতগুলো, যেখানে কেউ দেখে না, কেউ প্রশ্ন করে না, কেউ বলে না—তোমার কষ্টটা কী?
কান্না কোনো লজ্জার বিষয় নয়। কান্না মানুষ হওয়ার প্রমাণ। পুরুষ যদি কাঁদতে পারে, কথা বলতে পারে, নিজের দুর্বলতা স্বীকার করতে পারে—তাতে তার শক্তি কমে না, বরং সে আরো মানবিক হয়। সমাজের উচিত পুরুষকে এই জায়গাটা দেওয়া—যেখানে সে নির্ভয়ে বলতে পারে, আমার কষ্ট হচ্ছে, আমি ভালো নেই।
কারণ পুরুষ কাঁদে। শুধু তার কান্না দেখার চোখ আমাদের নেই।













































