মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৪ মার্চ ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
শেয়ার

অর্থনৈতিক সংকট কাটাতে বিএনপির ইশতেহার বাস্তবায়ন করা হবে: অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতির চাকা সচল করতে অনেক ধরনের রিফর্ম বা সংস্কার প্রয়োজন। আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করেছি।’

অর্থমন্ত্রী আরও জানান, আগামী বাজেটে ব্যবসা সহজ করা এবং উৎপাদন খরচ কমানোর মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া জ্বালানি আমদানিতে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংস্থানের বিষয়েও আইএমএফের সঙ্গে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আরও বিস্তারিত আলোচনা হবে। দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়ায় যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও এবারের ঈদে বড় ধরনের কোনো পরিবহন সংকট বা দ্রব্যমূল্যের অস্থিরতা হয়নি। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সবাইকে আরও সংযমী ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএমএফ-এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন সৌজন্য সাক্ষাৎ করেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আইএমএফ-এর চলমান সহায়তা কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা হয়।