মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৪ মার্চ ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
শেয়ার

আরব আমিরাতে রেড অ্যালার্ট জারি


arob-amirat_red alart

বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়া এবং দৃশ্যমানতা কমে আসায় চালকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে চলমান বৈরী আবহাওয়ার মধ্যে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা (এনসিএম)। মঙ্গলবার (২৪ মার্চ) ভোররাত থেকে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঘন মেঘপুঞ্জ আল ধাফরা ও আবুধাবির দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ অত্যন্ত কঠোর নির্দেশনা ও শাস্তিমূলক ব্যবস্থা জারি করেছে।

বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়া এবং দৃশ্যমানতা কমে আসায় চালকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পিচ্ছিল রাস্তায় গাড়ির গতি সীমিত রাখা, সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং হেডলাইট ও উইন্ডস্ক্রিন ওয়াইপার ব্যবহার করা বাধ্যতামূলক। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার বা হঠাৎ লেন পরিবর্তন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা বিধি অমান্যকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, বৃষ্টির সময় ওয়াদি বা পাহাড়ি উপত্যকায় প্রবেশ করলে ২,০০০ দিরহাম জরিমানা ও গাড়ি ৬০ দিনের জন্য জব্দ করা হবে। এছাড়া প্লাবিত এলাকায় অহেতুক ভিড় করলে ১,০০০ দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে।

নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দুবাই মিউনিসিপ্যালিটি ও আবুধাবি জ্বালানি বিভাগ বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছে। সাধারণ মানুষকে বৈদ্যুতিক খুঁটি, ল্যাম্পপোস্ট ও খোলা তার থেকে দূরে থাকতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার সময় বড় গাছ বা অস্থায়ী সাইনবোর্ডের নিচে আশ্রয় না নিতে এবং বারান্দার আলগা জিনিসপত্র সরিয়ে রাখতে অনুরোধ জানানো হয়েছে। জলাবদ্ধতা এড়াতে ম্যানহোলের ঢাকনা না খুলতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কোথাও পানি জমে গেলে বা গাছ পড়ে গেলে দ্রুত হটলাইন নম্বরে (800900) যোগাযোগ করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশি-বিদেশি সকল বাসিন্দাকে অপ্রয়োজনে বাইরে বের না হতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে আরব আমিরাত সরকার।