মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ মার্চ ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
শেয়ার

৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী


Masud-Uddin

মাসুদ উদ্দিন চৌধুরী

রাজধানীতে করা মানবপাচার মামলায় সাবেক সংসদ সদস্য ও এক/এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এই রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানায় দায়ের হওয়া মানবপাচার মামলায় ডিবি পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (২৩ মার্চ) গভীর রাতে ডিবির একটি বিশেষ দল রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাড়িতে অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করে।

ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানবপাচার, প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ ঢাকায় পাঁচটি এবং ফেনীতে ছয়টি মামলা রয়েছে। ফেনীর একটি মামলায় তার নামে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

এক/এগারোর সময় প্রভাবশালী সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত মাসুদ উদ্দিন চাকরি থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অবসর পরবর্তীতে জনশক্তি রপ্তানি খাতে যুক্ত থাকার সময় মানবপাচারের অভিযোগ ওঠে, যার ভিত্তিতেই বর্তমান মামলাটি দায়ের করা হয়।